হাইমচরের কৃতি সন্তান মোঃ মাহবুব-উল-আলম বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন।
গত বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে (উপসচিব) জামিলা শবনম স্বাক্ষরিত সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইতোপূর্বে তিনি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক, টেলিকমিউনিকেশন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বিসিএস একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফেনী জেলা আরডিসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পি.এস, কুমিল্লার দ্বেবিদার উপজেলার টিএনও ও সিনিয়র সহকারী সচিব পদে ছিলেন।
জানা গেছে, এই কর্মকর্তা জনপ্রশাসনে সৎ, দক্ষ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলমকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মোঃ মাহবুব-উল-আলম হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের পাটওয়ারী বাড়ীতে জন্মগ্রহণ করেন। বিবাহিত জীবনে তিনি ২ সন্তানের জনক।
তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ষ্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর এর অন্যতম উপদেষ্টা। তার কর্মজীবনের সাফল্যে চাঁদপুর-হাইমচরবাসী আনন্দিত ও গর্বিত।
