মৎস্য সম্পদ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শেখ ফরিদ আহমেদ মানিক
শহর প্রতিনিধি:
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চাঁদপুরে আয়োজিত আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
১৬ আগস্ট (রবিবার)
১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেকোনো বড় ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হয়েছে। নদীকেন্দ্রিক জেলা চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ ও সংরক্ষণেও সম্মিলিত প্রচেষ্টা থাকলে মৎস্য বিভাগের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও এসব কর্মসূচিতে সবার সম্পৃক্ততা থাকে না। শুধু প্রশাসনের পক্ষে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কাজে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই জেলেসহ সংশ্লিষ্ট সবাই এর সুফল ভোগ করতে পারবেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এবং চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
