বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬
নিহত বাইক আরোহী নুরুল ইসলাম নুরু ভূইয়া

বাগাদী চৌরাস্তায় পিকআপ ভ্যান চাপায় বাইক আরোহী নিহত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় বালু বোঝাই পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।”

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান।

নিহত নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়া বাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।

চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, “দ্রুতগামী পিকআপ ভ্যানটি চৌরাস্তা ব্রিজ থেকে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আরোহী নুরুর মৃত্যু হয়।”

“পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়।”

নিহত ব্যক্তির আত্মীয় ইব্রাহিম খলিল বলেন, “সকালে নুরু বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে পিকআপ ভ্যানের ধাক্কার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।”

ওসি বাহার মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।