আদনান মুরাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে রামাদানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় চাঁদপুর শহরস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফাস্সিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা’র প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।
প্রধান অতিথি বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির বিপরীত। সুদ ভিত্তিক অর্থনীতির মূলকথা হচ্ছে গরীবদের থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া। যার মাধ্যমে গরীব আরো গরীব এবং ধনী আরো ধনী হতে থাকে। পক্ষান্তরে যাকাত ভিত্তিক অর্থনীতির মূলকথা হচ্ছে ধনীদের থেকে নিয়ে গরীবদের দেওয়া। যার মাধ্যমে গরীব স্বাবলম্বী হয় এবং ধনীদের জীবনে ভারসাম্য ফিরে আসে।
তিনি আরো বলেন, সরকার যদি শুধু নামাজ কায়েম এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারে তাহলে দেশের সিংহভাগ সমস্যা নিজে নিজেই দূর হয়ে যাবে। আর এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রক্ষমতায় ইসলামী সরকার আসতে হবে।
চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রবীণ সদস্য কাজী মুরাদ, শুরার সদস্য সফিক সেলিম, এড. মামুন মিয়াজী, গোলাম মাওলা প্রমুখ।
