চাঁদপুর শহরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সদ্য এসএসসি পাস করা আল আমিন। এই ঘটনায় রোববার (১৩ জুলাই) দুপুরে তার বাবা যুবদল নেতা রমজান আলী প্রধানিয়া ছেলের সহপাঠীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এরইমধ্যে পুলিশ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।
আটকদের মধ্যে রয়েছে আল আমিনের সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীম।
জানা যায়, শনিবার রাতে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পানিতে ডুবে মৃত্যু হয় আল আমিন (১৬)। মৃত আল আমিন চাঁদপুর গনি আদর্শ স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় পাস করেন।
পুলিশের হাতে আটক আল আমিনের বন্ধুদের দাবি, লেকের পাশে রেললাইনে গল্প করার একফাঁকে বাজি ধরে আল আমিন পানিতে নামে। কিন্তু তারপর সে আর পানি থেকে উঠতে পারেনি। তারা আরো জানায়, একপর্যায়ে পানি থেকে উঠিয়ে আল আমিনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, আল আমিনের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বাবা রমজান আলী প্রধানিয়া। শহরের মমিনপাড়া এলাকায় বাবা ও মায়ের সঙ্গে থাকতো আল আমিন। আর যারা এই ঘটনায় জড়িত তারাও চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একই স্কুলের ছাত্র।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
