দেশ-জাতি ও ধর্মের জন্য যে লড়াই সেটিই মানুষকে শ্রেষ্ঠ করে

আদনান মুরাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতির জন্য, দেশের জন্য,  ধর্মের জন্য যে লড়াই সেটিই মানুষকে শ্রেষ্ঠ করে। ৫ আগস্ট এ দেশের সূর্য সন্তানরা সেটি প্রমাণিত করেছেন এবং তা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি ২০০৪ এ একবার হাজীগঞ্জে এসেছি। কিন্তু হাজীগঞ্জে কোন উন্নতি হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে হাজীগঞ্জের উন্নতি করবো। ওভারব্রীজ নির্মাণ করে যানজট নিরসন করা হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন করেই ছাড়বে ইনশাআল্লাহ। ৫ আগস্ট শুধু ক্ষমতার পরিবর্তন হয়নি, মানুষের বিবেক খুলে গিয়েছে। মানুষ আর ক্ষমতার পালাবদল চায় না। দেশজুড়ে সংস্কার চায়, নির্বাচনের সংস্কার চায়। ৫ আগস্টের মাধ্যমে লুটপাটের দিন শেষ হয়েছে, নির্যাতনের দিন শেষ হয়েছে, গুন্ডামির দিন শেষ হয়েছে, টেন্ডারবাজির দিন শেষ হয়েছে। ৫টি হোন্ডা, ১০টি গুন্ডা নির্বাচন ঠান্ডা- এটা আর বাংলাদেশে হতে দেয়া হবে না।

শনিবার (১১ জানুয়ারি) ঐতিহ্যবাহী হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজীগঞ্জ উপজেলা শাখার আমীর বি এম কলিমুল্লাহর সভাপতিত্বে ও হাজীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন উর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু নছর আশরাফী।

ডা. তাহের বলেন, জামায়াতের এক দফা সকল অন্যায়, হানাহানি, দুর্ণীতি, নেগেটিভিটি দূর করে নতুন সূর্যোদয়। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে ব্যাংক মালিকেরা ব্যাংক ডাকাতি করে, ডিসি এসপিরা জনগণের রক্তচোষণ করে কোটিপতি হয়, ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করা হয়। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, কোন অসৎ লোককে ভোট দিবো না, সে যে দলেরই হোক। জাতির জন্য, দেশের জন্য, ধর্মের জন্য যে লড়াই সেটিই মানুষকে শ্রেষ্ঠ করে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলোন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, নিরাপত্তা আরো জোরদার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে থাকা ভূত তাড়াতে হবে। ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা সকল দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু কারো দাসত্ব চাই না। ভারতের সাথেও সুসম্পর্ক চাই, কিন্তু ভারত ঘাড়ে উঠতে চাইলে ঘাড় থেকে ফেলে দেয়া হবে। দুর্ণীতির কবর রচনা করে তার উপর পাকা প্রলেপ দিয়ে দিতে হবে।

হাজীগঞ্জে জনতার ঢলঃ সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং নির্বাচনী প্রতিক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে৷ নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পুরো হাজীগঞ্জ শহর জুড়ে ছড়িয়ে পড়ে সমাবেশের আমেজ। সমাবেশে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে অধ্যাপক আবুল হোসাইনকে পরিচয় করিয়ে দেয়া হয়।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি ইসমাঈল খান, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, চাঁদপুর শহর সভাপতি মোঃ মহররম আলী, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকীসহ হাজীগঞ্জ উপজেলা এবং পৌরসভার জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ।