আদনান মুরাদ
ঢাকায় যুবদল নেতা কর্তৃক পাথর মেরে ব্যবসায়ী সোহাগকে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এবং আইন শৃংখলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বিকালে চাঁদপুর হাসান আলি মাঠে ’সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এই সময় শিক্ষার্থীরা চাঁদাবাজ, হত্যাকারী ও দূর্ণিতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই চাঁদাবাজরা দেশটাকে অস্থিতিশীলতায় পরিণত করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এরা কিভাবে চাঁদাবাজি করে। কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। স্বাধীন দেশে এদের কোন স্থান নেই।
চাঁদাবাজদের সহ সকল দলের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করে বক্তারা আরো বলেন, এ স্বাধীন দেশে এ ধরণের কর্মকান্ড চলতে থাকলে আপনাদের অবস্থাও সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হবে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, সেখানে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই।
বক্তারা দাবি জানান, হত্যাকাণ্ডে যারা জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
