চাঁদপুর সংস্কৃতিকেন্দ্র ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধান বলেছেন, সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সব অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হলো সুস্থ সংস্কৃতিচর্চা। তাই সব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।
২৬ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষে ‘চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গন’ এর ব্যানারে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে ৭ম দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সমাজ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তার থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের আলোকিত মানুষগুলোকে সামনে এগিয়ে আসতে হবে। সামাজিক সভ্য সংস্কৃতি আজ প্রায় ধ্বংসের মুখে। আমাদের তরুণ প্রজন্ম অস্থির সময় পার করছে। ভিন্ন সংস্কৃতির আগ্রাসনে দোলাচলে ভাসছে, বিভ্রান্ত হচ্ছে। ভালো-মন্দ বিচার করতে গিয়ে সংকটে পড়ছে। সঠিক পথ বেছে নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
চাঁদপুর সাংস্কৃতিক উদযাপন পরিষদের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদোষ্টা এডভোকেট শাহজাহান খান, শেখ বেলায়েত হোসেন, মোহনা শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান মোহাম্মদ মহররম আলী, চাঁদপুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি শরিফ চৌধুরী।
উৎসব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সংস্কৃতিকেন্দ্র এর সদস্য সচিব মুহাম্মদ ইলিয়াছ পাটোয়ারী, চাঁদপুর সংস্কৃতিকেন্দ্র এর নির্বাহী সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন, খাজা মাকসুদুর রহমান, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এবং শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মো: হোসাইন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ নাটিকা, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশনা করেন হিলশা সাংস্কৃতিক সংসদ, মোহনা শিল্পিগোষ্ঠীসহ চাঁদপুরের স্থানীয় শিল্পীরা।
