“জীবন একটাই, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
বুধবার (২৮ মে) সকাল ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং চাঁদপুর সরকারি কলেজের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা শ্রাবনী।
এদিনের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল: “এই সংসদ মনে করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ভূমিকাই মূখ্য।” প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা যুক্তিনির্ভর, তথ্যসমৃদ্ধ এবং আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন। তারা সমাজ, পরিবার এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন। প্রতিযোগিতাটি শ্রোতাদের মাঝে গভীর ভাবনার জন্ম দেয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এ. কে. এম. আব্দুল মান্নান বলেন, “আজকের তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। কিন্তু সেই নেতৃত্ব তখনই সফল হবে, যখন তারা নিজের জীবনকে ইতিবাচক ও স্বাস্থ্যসম্মত পথে পরিচালিত করবে। মাদক শুধু শরীরকেই ধ্বংস করে না, ধ্বংস করে চিন্তা, মূল্যবোধ এবং ভবিষ্যৎ।”
তিনি আরও বলেন, “আইনের প্রয়োগ যেমন জরুরি, তেমনি শিক্ষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমেও আমরা মাদক প্রতিরোধ করতে পারি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও বেশি সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা নিজেরা ভালো থাকে এবং অন্যদেরও ভালো থাকার পথে উৎসাহিত করে।”
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মিজানুর রহমান বলেন, “মাদক কেবল একজনের ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি গোটা সমাজ ও দেশের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন সামাজিক আন্দোলন, পারিবারিক নজরদারি, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতার শিক্ষা। আজকের বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের আশার আলো—তারা যদি আজ থেকেই ‘না’ বলতে শেখে, তবেই আমাদের এই আয়োজন সার্থক।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
