বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে “বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন ২০২৫” সম্পন্ন হয়েছে।
গতকাল ১ ফেব্রুয়ারী শনিবার সকালে চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে দারসুল কুরআন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কর্মপ্রচেষ্টা সফল হলে দেশে ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে। এ কাজকে সহজতর ও বেগবান করার জন্য প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ওয়ার্ড, ইউনিট, দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই দ্বীন প্রতিষ্ঠার কাজকে তরান্বিত করতে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
তিনি আরো বলেন, বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর উপর সর্বদা ভরসা করে, সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সকল কার্যক্রম, কর্মতৎপরতা, কর্মসূচি এবং নিজের অর্থ, মেধা, সময় ও শ্রম সবকিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য।
চাঁদপুর শহর জামায়াতের সভাপতি এডভোকেট শাহজাহান খান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান (চাঁদপুর সদর-৩ আসনের) জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুতকরণ, বার্ষিক লক্ষ্য বাস্তবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা সোহেল আহমদ চিশতী। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, মজলিসে শুরা সদস্য ফারুকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, এডভোকেট মামুন হোসেন মিয়াজী, মাওলানা নূর মোহাম্মদ খান, ১০নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, আবু আবরার, মোল্লা মো. হানিফ সহ শহর, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
