বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

চাঁদপুর শহর জামায়াতের যুব সমাবেশ ও ইফতার মাহফিল

গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর চাঁদপুর শহর শাখার আমীর এডভোকেট শাহজাহান খান।

তিনি বলেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যুব সমাবেশ ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট শাহজাহান খান।

জামায়াতের এ নেতা বলেন, দেশের মানুষের ভোটের অধিকার রক্ষায় যুব সমাজকে সচেতন ভূমিকার পাশাপাশি দেশপ্রেমিক যুব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।

রবিবার, ২৩ মার্চ বাস স্টেশনস্থ বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহর যুব বিভাগের আহবায়ক সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, ১২ নং ওয়ার্ড সভাপতি মোল্লা হানিফ, ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, চাঁদপুর শহর শ্রমিক নেতা আ: হাই লাভলু প্রমুখ।