চাঁদপুর ইসলামী ব্যাংকের ১ হাজার কোটি টাকা আমানতের মাইলফলক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চাঁদপুর শাখা ১০০০ কোটি টাকা আমানতের মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের অগাধ আস্থা, আন্তরিক সেবা এবং আধুনিক ও শারিয়া-সম্মত ব্যাংকিং সেবার সম্মিলিত প্রয়াসে এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।

এই উপলক্ষে গতকাল ২০ এপ্রিল ২০২৫ চাঁদপর শাখা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সম্মানিত গ্রাহকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে শাখা প্রধান মোঃ সাখাওয়াত হোসাইন বলেন, “এই অর্জন চাঁদপুরবাসীর নিরন্তর আস্থা, ভালোবাসা ও সহযোগিতার ফসল। ইসলামী ব্যাংক সবসময়ই ন্যায়ভিত্তিক, জনকল্যাণমুখী ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশাবাদী, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে চাঁদপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইসলামী ব্যাংক।”

তিনি আরও জানান, গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শাখায় এখন ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম সার্ভিসসহ বিভিন্ন সেবা চালু রয়েছে, যা দিন দিন আরও উন্নত করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠানের অবদান চাঁদপুরের ব্যবসা-বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকবে এবং ব্যাংকটি আরও বিস্তৃত পরিসরে সেবা প্রদান করবে।

শেষে শাখা ব্যবস্থাপক সকল গ্রাহক, শুভানুধ্যায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছার প্রত্যয় ব্যক্ত করেন।