চাঁদপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংহতি মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ, সংহতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সকল স্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতা ব্যানারে এই আয়োজন করা হয়। মিছিলটি শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে শুরু করে হাজী মহসিন রোড় ও মিশন রোড় হয়ে চাঁদপুর বাসস্টেশন প্রধান সড়কে ৫ মিনিট অবস্থান করে। পরে সড়ক ছেড়ে ফয়সাল শপিং মার্কেটের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন রাকিব হোসেন, তানিম, ইশরাত জাহান বিন্দুসহ অন্যান্যরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দ্রুত হামলাকারী ও নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। এসময় বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখোরিত করে তোলে তারা। ‘সন্ত্রাসীরা হামলা করে, কুয়েট ভিসি কি করে’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেবো না’ স্লোগান দেয়।

এ সময় নতুন করে যেন আর কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা না হয় তার দাবিও জানান শিক্ষার্থীরা।