মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

চাঁদপুরে তারুণ্যের উৎসবে জুলাই স্মৃতি কর্নার

চাঁদপুরে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তারুণ্যের উৎসবে স্থাপন করা হয়েছে জুলাই স্মৃতি কর্নার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নানা আয়োজনে শহরের আউটার স্টেডিয়ামে জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেন খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ ছাত্র আন্দোলনের নেতারা।

এর আগে তারুণ্যের উৎসব নামে বইমেলার উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের উৎসব আয়োজন নিয়ে নানা আলোচনা থাকলেও তা এখন সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। দেশের জন্য ছাত্রদের যে অবদান তা অবশ্যই জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। যেজন্য জুলাই বিপ্লব স্মৃতি কর্নার উপস্থাপন করা হয়েছে। যেখানে আন্দোলন সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ রাকিব  জুলাই বিপ্লবের স্মৃতি এবং নতুন প্রজন্মকে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তেও বই ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।