চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে আড়াই কেজির এক ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। সোমবার সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে ওই ইলিশটি।
মেঘনা নদীতে ধরা ইলিশটি ঘাটের মাছ ব্যবসায়ী উত্তম দাসের আড়তে তোলা হয়। নিলামে অংশ নেন অন্তত ১৫ জন ব্যবসায়ী। নবীর হোসেন নামের এক মাছ ব্যবসায়ী এটি কিনে নেন।
নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন, যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইলিশ কম পাওয়ায় জেলেরা হতাশ, তবে জুনের শুরু থেকে মাঝেমধ্যে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। দক্ষিণাঞ্চল থেকেও ইলিশ আসছে না। মাঝেমধ্যে স্থানীয় নদী থেকে বড় আকৃতির কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। এসব মাছ অনলাইনে বিক্রি হচ্ছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
