কচুয়ার বিতারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দুর্গাপুর ফুলকুঁড়ি ক্যাডেট স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে এলাকার হতদরিদ্র ও অসহায় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগে প্রায় সাতজন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় আয়োজক পক্ষ।

চিকিৎসা কার্যক্রম শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা মজলিসে শূরা সদস্য ও ৩নং বিতারা ইউনিয়নের আমির মাওলানা নাসির উদ্দিন মোল্লা। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি মানবতাবাদী সংগঠন। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য। এ সংগঠনের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে দেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা তার ধারাবাহিকতায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন—ক্ষমতায় গিয়ে আমরা জনগণের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করব ইনশাআল্লাহ।”
সমাবেশে তিনি সকলকে ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহরম আলীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।