কচুয়ায় সড়কের দুপাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রিজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সড়কের দুপাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কচুয়া উপজেলা ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় ইউএনও বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। কচুয়াবাসীর দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, কচুয়া বিশ্বরোড এলাকাটি যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। সড়কের দুপাশে অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। কচুয়াবাসীর স্বপ্ন ছিল সড়কটির পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করা। এ অভিযান অব্যাহত থাকবে। আমরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ, হাজীগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সহিদুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
