বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬
জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার ভোট কেন্দ্র প্রতিনিধি, সম্ভাব্য ইউনিয়ন ও ওয়ার্ড জনপ্রতিনিধিদেরকে নিয়ে  প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

কচুয়ায় জামায়াতে ইসলামীর প্রশিক্ষন কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার ভোট কেন্দ্র প্রতিনিধি, সম্ভাব্য ইউনিয়ন ও ওয়ার্ড জনপ্রতিনিধিদেরকে নিয়ে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল শনিবার সকালে কচুয়া সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী চাঁদপুর জেলার আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, আমরা যে সময়ে দাড়িয়ে আছি এ সময়টি বাংলাদেশের জন্য একটি জটিল মুহূর্ত। চারদিকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে।

খুনি, ফ্যাসিবাদ একটার পর একটা ইস্যু তৈরি করে পুনরায় বাংলাদেশ ঘুরতে চাচ্ছে। সাথে সাথে আমাদের দেশে অনেক দল আছে যারা তাদেরকে ঘুরে দাড়াতে সাহায্য করছে। শুধু তাই না গত ১৫ বছর যেমনিভাবে তারা ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে এখনো তারা সেই প্রেসক্রিপশন দিয়ে এ দেশ পরিচালনা করতে চায়। সে জন্য তারা আওয়ামীলীগ আবারো দেশের রাজনীতিতে আনতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই আগামীদিনে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া তাদেরকে আর কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না ।

তিনি আরো বলেন, আগামী দিনে যে সকল নির্বাচন হবে সে নির্বাচন হতে হবে সত্য এবং নিরপেক্ষ। কোন রকম কারচুপির নির্বাচন করতে দেওয়া হবে না। সেজন্য যারা যে কেন্দ্রে কাজ করবে তাদেরকে তাদের কেন্দ্রগুলোতেনপাহারাদারের ভুমিকা পালন করতে হবে। আর তার জন্য যতগুলো কমিটি করা যায় সবগুলো কমিটি নিশ্চিত করতে হবে এবং যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে এখন থেকে সমাজের প্রত্যেকটা সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বিচারের জন্য যাতে করে কোন মানুষ হয়রানির শিকার হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যাতে কোন সাধারণ মানুষের কাছে থেকে বিচারের নামে চাঁদাবাজি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মোট কথা প্রত্যেককে সমাজ কর্মী হতে হবে। উক্ত অনুষ্ঠানটি শুরু হয় দারসুল কোরআনের মাধ্যমে।

দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর এক কচুয়া আসনের  সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী। কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবাহ এর  সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী এর পরিচালনায় এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলার সাবেক আমির মাওলানা হারুনুর রশিদ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন সহ নেতৃবৃন্দ।