কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ঢাকার মালিবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের (ওসি) ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।
গ্রেপ্তার শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, ‘শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান সবগুলোতে জামিনে রয়েছে। এখন কোন মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি।’
নুরুন্নাহার জানান, শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের একটি পক্ষ গেল নির্বাচনের আগেও বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে সে অসুস্থ। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, ‘শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হবে।’
chandpurdiganta.com The Daily Chandpur Diganta