ইসরাইলের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া সহ নেতৃবৃন্দ।

 ইহুদিবাদী রক্ত পিপাসুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : শাহজাহান মিয়া

সারা বিশ্বের মুসলিমদের  ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ইহুদিবাদী রক্ত পিপাসুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের রেলওয়ে বাইতুল আমিন মসজিদ চত্বরে চাঁদপুর শহর জামায়াতে  ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের উপর বর্বরোচিত  হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহবান জানান।

ইসরাইলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে সারাবিশ্বের মানবতাবাদী ব্যবসায়ীদের ইসরাইলি পণ্য বয়কট করারও আহবান জানিয়েছেন জামায়াতের এ নেতা।

এ সময় শাহজাহান মিয়া আরো বলেন,  ইসরাইলি ইহুদিবাদী বাহিনী নিরীহ মুসলিম ফিলিস্তিনিদের  উপর যেভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।  মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব নিয়ে ইহুদিবাদী ইসরাইলের   বিরুদ্ধে আমাদের সব ধরনের ভূমিকা অব্যাহত রাখতে হবে।

শহর জামায়াতে  ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসাইন খান, শহর জামায়াতের সহ সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম সবুজ খান, শহর ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বাইতুল আমিন মসজিদ চত্বর থেকে শুরু করে নতুন বাজার গিয়ে সমাপ্ত হয়।

জামায়াতের আয়োজিত  বিক্ষোভ মিছিল ও সমাবেশে তাদের দলীয় নেতা কর্মীসহ  সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।