চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডের পাশে অবস্থিত বড় ময়লার বাগাড়টি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য এক দুঃস্বপ্নের নাম। সাম্প্রতিক কয়েকদিন ধরে ওই বাগাড়ে আগুন জ্বলতে থাকায় তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। ফলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, কাশি ও এলার্জি-জনিত সমস্যায় ভুগছে স্থানীয় অধিবাসীরা।
এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে জমা হওয়া বর্জ্যে মাঝে মাঝেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এসব আগুন সম্পূর্ণ নিবে না, বরং ভেতরে ভেতরে পচন ও গ্যাস জমে ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। এতে পাশের বাসাবাড়ি, দোকানপাট, এমনকি পথচারীরাও প্রতিদিন বিষাক্ত বায়ুর মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “রাত-বিরাতে এমনভাবে ধোঁয়া উঠতে থাকে যে ছোট বাচ্চাদের নিয়ে থাকা যায় না। জানালা-দরজা বন্ধ করেও কোনো লাভ হয় না।” অন্যদিকে স্কুলপড়ুয়া শিশুরা শ্বাসকষ্টের অভিযোগ করছে, যার ফলে অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পচা-গলন হওয়া বর্জ্য থেকে নির্গত কার্বন মনোক্সাইড, সালফার যৌগ এবং অন্যান্য বিষাক্ত ধোঁয়া দীর্ঘমেয়াদে ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অ্যাজমা রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন।
চাঁদপুরবাসী এখনই কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন—নিয়মিত বর্জ্য অপসারণ, স্যানিটারি ল্যান্ডফিল ব্যবস্থা, ধোঁয়া নিয়ন্ত্রণে পানি ছিটানো, এবং বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের। দ্রুত সমাধান না হলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করেন তারা।
চাঁদপুরের মানুষের সুস্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
