রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিন চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের অধিনায়ক এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে লুকানো ছিল পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
অস্ত্র উদ্ধারে অংশ নেয়া সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
