চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পৌরসভায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে মীম ফুড প্রডাক্টসকে ১৫ হাজার টাকা, সাইফুল বেকারিকে ৫ হাজার টাকা, চালের বস্তায় খুচরা মূল্য ও মূল্য তালিকা না থাকার অপরাধে খাজা বাবা অটো রাইচ মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরবর্তীতে এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্য মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
