চাঁদপুর শহরের পুরাণ বাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, আজ শহরের পুরাণ বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স জম জম ট্রেডার্স মালিককে ৩ হাজার টাকা, নষ্ট পঁচা মরিচের সঙ্গে ভালো মরিচ ভাঙিয়ে বিক্রয় করার অপরাধে আব্দুস সত্তার খানকে ১০ হাজার টাকা এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্যান্ডের চালের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করে চাল বাজারজাত করার অপরাধে মেসার্স চাঁদপুর এন্টারপ্রাইজ মালিককে ৩০ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।