দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জসীম উদ্দীনের জাতীয় সমবায় পদক অর্জন

ক্যাপশন : দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে চেক গ্রহণ করছেন চাঁদপুর চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দিন।

স্টাফ রিপোর্টার

৫৫তম জাতীয় সমবায় দিবসে দেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ অর্জন করেছেন চাঁদপুর চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দিন।

 

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদক গ্রহণ করেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো. জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক, চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

সমবায় খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. জসিম উদ্দীন এর আগেও ২০০৮ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে

 

জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমবায় আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন

 

এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে তিনি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ বছর সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমবায় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করা, সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি, উৎপাদিত পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানান।

 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে বেশিরভাগ সমিতি নষ্ট হয়ে গেছে এবং তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি মাত্র সফলভাবে কাজ করছে। সমবায় আন্দোলনকে সফল করতে হলে এই সংগঠনগুলোকে সবার আগে দুর্নীতিমুক্ত করতে হবে।

 

ইতিহাসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সমবায় আন্দোলনের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তার স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগের সঙ্গে সমবায়কে সম্পৃক্ত করেছিলেন। তিনি ষাটের দশকে সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে বার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দিয়ে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়েছিলেন।

 

একই সাথে তিনি সমবায় উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান ও কার্যক্রম তুলে ধরেন

 

এবং বর্তমান সরকারের নেতৃত্বে সমবায় খাত আরও দ্রুত গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে এনজিওগুলোর সাথে প্রতিযোগিতা করে সমবায় প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে হচ্ছে। তাই সমবায় সমিতিগুলো যেন প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারে, সেজন্য বিদ্যমান সমবায় সংশ্লিষ্ট আইন সংশোধন ও যুগোপযোগী করার ব্যবস্থা নিতে হবে।

 

বিশেষ করে সমবায়ভিত্তিক কোম্পানি তৈরি করে উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণের ঘাটতি দূর করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে ও সব চক্রান্ত মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

 

৫৫তম জাতীয় সমবায় দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির। অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছে সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন এবং পরে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেন।

 

 

 

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর