যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক কর্মসূচির ওপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে আওয়ামী লীগ গণতন্ত্র ভয় পায়। তারা আরও বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী তামিম খান, গণ অধিকার পরিষদ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুবশক্তি জেলা সভাপতি তাফহিমুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, হাইমচর উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, কচুয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী তাফাজ্জল হোসেন এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।
প্রতিবাদ কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সাধারণ সম্পাদক সাগর হোসেন। বক্তারা অবিলম্বে দেশের ভেতর ও বাইরে বিভিন্ন নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ করার দাবি জানান এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
