চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের গোডাউনে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চাষি ব্র্যান্ডের পোলাওয়ের চাউল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডের পোলাও চাউল ধরে। এ সময় পুরান বাজার চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম আখনের ম্যানেজার সঞ্জয় সরকারকে এক লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু নাঈমের নেতৃত্বে অভিযানে ছিলেন সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর, চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রোজা আসলেই পুরান বাজারের অসাধু ব্যবসায়ীরা গোডাউনের ভিতর নিম্নমানের চাউলের বস্তা খুলে সুগন্ধি কেমিক্যাল পাউডার মিশিয়ে তা নামিদামি ব্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বেশি দামে বিক্রি করে। অল্প সময়ে এ সকল ব্যবসায়ীরা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ সকল প্রভাবশালী ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে সম্পর্ক করেই অবৈধভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পুরান বাজারের একটি চাউলের গোডাউনে অভিযান চালানো হয়। এখানে লোকাল চাউল চাষি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারজাত করার চেষ্টা করছে। সেই চাউলগুলো জব্দ করে ভোক্তা অধিকার আইন অনুসারে এদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।
রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। ভবিষ্যতে যেন এমন প্রতারণা না হয় এবং যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
