
দিগন্ত অনলাইন
এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
শনিবার নিশানের করোগি স্পোর্টস পার্কে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। একই দিন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারত-পাকিস্তান ফাইনালকে সামনে রেখে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই দেখতে মুখিয়ে আছে দুই দলের ভক্তরা।
দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে ভারত। টপ অর্ডারে ওপেনার বৈভব সূর্যবংশী দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। তার ২১ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল।
মিডল অর্ডারে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ইশান কিশান। তার ৪৬ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত। অনবদ্য ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন কিশান।
বোলিংয়ে শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে ও সাহান আরাচ্চিগে ২টি করে উইকেট নেন।
জবাবে ভারতীয় বোলারদের তোপে ৯ দশমিক ৫ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে মাত্র একমাত্র নুয়ানিদু ফার্নান্দো দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। ১৫ রান করেন তিনি।
ভারতের জসপ্রিত বুমরাহ-অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন।
















