
মতলব দক্ষিণ উপজেলা সদর থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৪৪ কিলোমিটার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে প্রায় ১শ’ ১০টি মরণফাঁদ বাঁক রয়েছে। এ সড়কে ঢাকা-মতলব রুটে বাসসহ নানা পরিবহনে যাতায়াতে যাত্রী সাধারণের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। বাঁকের কারণে প্রায়শই দুর্ঘটনাও ঘটছে।
মতলব- গৌরীপুর এই সড়কটি চাঁদপুরের একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়ক। এটি মূলত মতলব-গৌরীপুর সংযোগ করেছে। যা চাঁদপুরকে ঢাকার সাথে সংযুক্ত করে। বাঁকগুলো এ সড়ককে দুর্ঘটনা প্রবণ করে তুলেছে। এই সড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সড়কটি যেনো মরণফাঁদে পরিনত হওয়ায় জনসাধারণ পড়েছে চরম ভোগান্তিতে।
চাঁদপুর সওজ কার্যালয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকা পর্যন্ত মতলব-গৌরীপুর পেন্নাই সড়কটির দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার। এর প্রস্থ ১৮ ফুট। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সড়কটির বাঁক নিরসন, ভূমি অধিগ্রহণসহ অন্যান্য কাজে ৮৯ কোটি ব্যয়ে প্রায় ৪০টি বাঁক সোজা করা হয়। এখন বাঁক আছে প্রায় ১শ ১০টি।
সূত্রটি জানায়, এই সড়কটি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের আওতায় এবং তার পর থেকে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। চাঁদপুরকে ঢাকার সাথে সংযুক্ত করেছে এ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করে। ঝুঁকি নিয়ে চলছে বাস, প্রাইভেটকার, অটোরিকশা, সিএনজি, ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহন।
সরেজমিনে দেখা যায়, মতলব-গৌরীপুর পেন্নাই সড়কটির বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ অবস্থা। মতলব পানির টাংকির পর থেকে গৌরীপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। অতি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। মতলব-গৌরীপুর পেন্নাই সড়ক দুর্ঘটনার জন্য বড় ফাঁদ। দূর্ঘটনায় নিবে যাচ্ছে অনেকের জীবন।
বাস চালক জসিম উদ্দিন বলেন, চাঁদপুরের মতলব মুন্সীরহাট থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত পেন্নাই সড়কে অনেক বাঁক রয়েছে। এ বাঁকগুলো মেরামত করা জরুরি। শুধু বাঁক নয়, সড়কটির অবস্থাও বেহাল। আমরা গাড়ি চালাই অনেক ঝুঁকি নিয়ে। বাঁকের কারনে রাস্তা ভালো করে দেখা যায় না। বাঁকের জন্য দূর্ঘটনাও বেশি ঘটে থাকে।
মতলব পৌরসভার বাসিন্দা ও স্বাস্থ্যকর্মী আবদুল লতিফ ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু বলেন, এটি একটি আঞ্চলিক মহাসড়ক হওয়া সত্ত্বেও এই সড়কের বেহাল অবস্থা। জায়গায় জায়গায় গর্ত ও বাঁকের কারণে এ সড়কটি হয়ে উঠেছে মানুষের জন্য মরণ ফাঁদ। মানুষের জীবন রক্ষায় এ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
নিরাপদ সড়ক আন্দোলন’র মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাঁকের কারণে এই সড়কে অহরহ ঘটছে দূর্ঘটনা। গত ২/১ মাসে এই সড়কেই ৫/৬ জনের প্রাণ গেছে। সড়কটির বাঁক দ্রুত কমিয়ে আনা দরকার। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক বন্ধ, বাঁক কমিয়ে আনা,সড়ক প্রশস্তকরণ ইত্যাদি সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চরমুকুন্দি এলাকার সেলিম প্রধানীয়া বলেন, প্রতিনিয়ত এই রাস্তা দিয়া আমরা চলাচল করি। আমাগো চোখের সামনে অনেক দূর্ঘটনা ঘটে। কেউ আহত হয় আবার কেউ মইরা যায়। এই রাস্তায় চলাচলের সময় নিজেরই অনেক ভয়ে লাগে। কোন সময় জানি গাড়ি উপর দিয়া চলে যায়।
একাধিক শিক্ষার্থী জানায়, এই সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর শুনি ও দেখি। এতে আমরা আতঙ্কে থাকি স্কুলে যাওয়া আসার পথে কখন দুর্ঘটনার সম্মুখিন হই। এই সড়কটি অনেক আঁকাবাঁকা। সরকারের কাছে আবেদন রাস্তাটির বাঁক সংস্কারের ব্যবস্থা করবেন।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সামছুজ্জোহা জানান, এ সড়কটি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের আওতায়। অতিবৃষ্টি ফলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সড়কটি মেরামত ও বাঁক ঠিক করার জন্য ঠিকাদার নিয়োগের টেন্ডার প্রক্রিয়াধীন।–দিগন্ত ডেস্ক


















