
অনলাইন দিগন্ত ডেস্ক
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলে এলো নতুন নেতৃত্ব। নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব বুঝে নিয়েছেন নাহিদা আক্তার। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি।
নতুন অধিনায়ক হিসেবে নাহিদাকে বেছে নেয়ার আগে নির্বাচক প্যানেলের সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হয়েছে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
নাহিদার হাতে নেতৃত্ব তুলে দেয়ার সিদ্ধান্তটা অবশ্য একেবারে নতুন নয়। জ্যোতির অধীনে দীর্ঘ সময় দলের সহ-অধিনায়ক ছিলেন বাঁহাতি এই স্পিনার। ২০২২ সালে জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকে তার ডেপুটি হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন নাহিদা।
জ্যোতি ২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নেন। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। তার অধীনে বাংলাদেশ খেলেছে ৮২টি টি-টোয়েন্টি, জয় পেয়েছে ৩২টিতে।
তবে অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে যাচ্ছেন না জ্যোতি। নাহিদার নেতৃত্বেই দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদার সবচেয়ে বড় শক্তি হতে পারে তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা। ২০১৫ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে খেলেছেন ১১৩টি টি-টোয়েন্টি। নিয়েছেন ১৩২ উইকেট—দেশের নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ।
ওয়ানডেতেও দলের গুরুত্বপূর্ণ সদস্য নাহিদা। ৬৫ ম্যাচে তার শিকার ৮১ উইকেট। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের সহ-অধিনায়কত্ব ও দলের ভেতরের নেতৃত্বের পরিচিতিই তাকে এনে দিলো দেশের নেতৃত্ব।


















