জুলাই আন্দোলনে হামলা: চাঁদপুরে ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে ২০২৪ সালে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নামীয় ৩৫০ এবং অজ্ঞাতনামা ২৫০ জন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৩৭৮ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার চার্জশিট দাখিলের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

০৪আগস্ট মঙ্গলবার দুপুরে চার্জশিট দাখিলের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে আদালত চার্জশিট গ্রহণ করবে। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় বদলি হয়ে কর্মরত রয়েছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, “মামলার এজাহারে ৩৫০ জনের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া অজ্ঞাতনামা আসামি ছিলেন আরও ২৫০ জন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই ৫২ জনের, পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি ১৩ জনের, সন্দেহভাজন আসামি থেকে বাদ পড়েছে ১০ জন, এজাহারে একাধিকবার নাম উল্লেখ করা ব্যক্তি থেকে বাদ হয়েছে ২০ জন। এছাড়াও এজহার নামীয় আসামি থেকে মৃত্যুবরণ করেছেন ৩ জন। তদন্তে যাচাই-বাছাই শেষে ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

কোর্ট পুলিশ পরিদর্শকের কার্যালয় থেকে জানা গেছে, মামলায় এজাহারভুক্ত আসামিদের নাম ও পরিচয় যাচাই এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মামলার নিয়মিত তারিখ ২৩ আগস্ট এবং পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন মোক্তার আহমেদ পাটওয়ারী নামের এক ব্যক্তি।