
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার সময় দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম না প্রকাশে এক ব্যক্তি জানান, এই কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আওয়ামীলীগ ও ছাত্র লীগের নেতারা আগুন দিয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের ফেইজবুকে ভিডিও করে প্রচার করছে।
ছাত্রদলের নেতা বলেন, ‘আমরা যে জুলাইকে ধারণ করে নতুন একটি স্বাধীনতা পেয়েছি, সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাব, অতিদ্রুত দুষ্কৃতকারীদের ধরে আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনের পোড়া চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, কী কারণে অগ্নিসংযোগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ৩৬ জুলাই স্মৃতিতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


















