চাঁদপুর-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবু নছর আশরাফীর ইশতেহার ঘোষণা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন আধুনিক ও নিরাপদ কচুয়া গড়ার অঙ্গীকার

কচুয়া প্রতিনিধি

ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সর্বস্তরের কচুয়াবাসীর জন্য একটি বৈষম্যহীন, আধুনিক ও নিরাপদ কচুয়া বিনির্মাণের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোট মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশতেহারে তিনি মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সকল দলের সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কচুয়া গড়ে তোলার প্রত্যয়।

শিক্ষা খাত প্রসঙ্গে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তার আওতায় আনা হবে। কচুয়া সরকারি ডিগ্রি কলেজকে অনার্স মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোর জন্য বিশেষ অনুদান, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, কচুয়া উপজেলার একমাত্র কামিল মাদ্রাসাকে অনার্স মানে উন্নীতকরণ, একটি মহিলা কলেজ ও একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য খাতে তিনি বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এছাড়াও নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে দলের পক্ষে ইশতেহার পাঠ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইশতেহার পাঠ শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা মুহাদ্দিস আবু নছর আশরাফীর ঘোষিত কর্মপরিকল্পনাকে স্বাগত জানান এবং নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল হক মীর আল আযহারী।

স্বাগত বক্তব্য রাখেন কচুয়া উপজেলার আসন পরিচালক সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের মিয়াজি, এনসিপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা আহবায়ক ডা. আরিফুর রহমান, খেলাফত মজলিসের পৌর সহ- সভাপতি গিয়াস উদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।