কচুয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সকাল ৭টা ৩০ মিনিটে বাতাবাড়িয়ায় নূরুল আজাদ সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী। পরে কাপিলা বাড়িতে শহীদ কোম্পানির পিতার কবর জিয়ারত করা হয়। পর্যায়ক্রমে আয়মা, মুরাদপুর, গুলবাহার পূর্ব পাড়া এবং নয়াকান্দি গ্রামে একাধিক উঠান বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকগুলোতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আর আমরা যদি কচুয়ার দায়িত্ব পাই তসহলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবো। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে এবং জনগণের টাকায় জনগণের কল্যাণই নিশ্চিত করবো। এ জন্য আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ দোঘর গ্রামে আজাদ চৌধুরীর বাড়ি ও পশ্চিম মনপুরায় মোহাম্মদ আলী মাস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
