জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। জাতির চেতনাকে তারা যেন ধারণ করে, চব্বিশের বিপ্লবের চেতনাকে যেন সম্মান করে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ভারতনীতি নিয়ে জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সদস্যরা মিলেমিশে পারস্পারিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক।
তিনি বলেন, যৌক্তিক সময়ের হাঁড়ি আমরা হাটে ভেঙে দেব। দেরি করবো না।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এ দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
