মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

হাইমচরে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার

হাইমচরে স্বামী ও স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেনী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তার উজ্জামান (৩৬) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা।

হাইমচর থানা সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর হাইমচর থানায় একটি ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার এজাহারভুক্ত আসামি মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশে ফেনীর সদর থানাধীন জোড়পুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অবস্থান করছে। সেখানে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ডাকাতি মামলার তদন্ত শুরু করি এবং প্রযুক্তির সহায়তায় আসামিকে চিহ্নিত করি। আমাদের টিমের দ্রুত পদক্ষেপের ফলে আসামিকে অন্য জেলা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করা হবে।