চাঁদপুরের হাইমচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে রমজানের শুরুতেই নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টার পর উপজেলার কেভিএন উচ্চ বিদ্যালয়ের পাশের বাজারের পশ্চিম মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এ দিকে, ফায়ার সার্ভিসের অবহেলাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইব্রাহিম জানান, রাত ১২টার পর কেভিএন উচ্চ বিদ্যালয়ের পাশের বাজারের পশ্চিম মাথায় একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আমরা হাইমচরে ফায়ার সার্ভিসকে মোবাইল ফোনে কল দিলে তারা একঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ততোক্ষণে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর তাদের মেশিন কাজ না করাতে একে একে সবকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে পরবর্তীতে পাশের উপজেলা ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। সঠিক সময়ে ফায়ার সার্ভিস পানি দিতে পারলে এত বড় ক্ষতি হতো না। তাদের গাফলতিতে আমরা নিঃস্ব হয়ে গেলাম।
ওষুধের দোকানের মালিক কাজী নজরুল ইসলাম রুবেল বলেন, ‘আমরা রাতে তারাবি পড়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমার কাছে খবর আসে আমার দোকানসহ সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসে দেখি আমার দোকানে থাকা ওষুধ ও তিনটি শালিসির জমানো টাকা পুড়ে শেষ।’
দোকান মালিক মিন্টু মিয়া কবিরাজ বলেন, ‘আমার সন্দেহ এটা পরিকল্পিত। আর বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের অবহেলার কারণেই আমার ৮টি দোকান পুড়ে ছাই।’
হাইমচর ফায়ার সার্ভিস লিডার রতন শেখ জানান, রাত ১২টার পরে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য রিজার্ভে থাকা পানি ছিটায়। পানি শেষ হয়ে গেলে পুকুরে পাম্প লাগালে মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। তখন আমরা পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিস এনে আগুন নিয়ন্ত্রণ আনি। আগুনে পুড়ে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।
হাইমচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি দেখেছি সেখানে প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তের মধ্যমে দেখবো এটা কোনো ষড়যন্ত্র কি না।’
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
