বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা এই সরকার কাছে দাবি জানাই, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে জনগন এর সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। আমরা গত ১৭ বছর গ্রাম থেকে শুরু করে মহানগর পর্যন্ত আন্দোলন করেছি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, আমাদের ছোট ভাই বোনেরা মনে করে তাদের দেড় মাসের আন্দোলনে সরকার পালিয়ে গেছে। এটা কী ঠিক? আমরা ১৭ বছর এ দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি।
আমরা রোডম্যাপ বুঝিনা, কোন মাসের কত তারিখে নির্বাচন দিবেন সেটা জাতিকে জানান, নাহলে জনগন আপনাদের অবস্থা কী করবে সেটা আল্লাহ ই ভালো জানে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সংস্কার সংস্কার করছেন। সংস্কার আমরাও চাই। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সংস্কারের নামে টালবাহানা করে আমরা এই দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না। সংস্কারের নামে আমরা কোনো চক্রান্ত চাইনা। আপনারা দ্রুত নির্বাচন করুন। আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করবো।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বিভক্তির মাধ্যমে সমাধান হবে না। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিচার হতে হবে। আইনকে নিজের হাতে তোলা যাবে না। এই সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় করেছে, সন্ত্রাস করেছে, তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয়নি এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ যখনই দেশে সরকার গঠন করেছে, তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে। আমরা চাই তাদের সবারই বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা জনগণ বিচার করবে।’
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন একটি ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করছে তারা একবার এই দলের সাথে আরেকবার আরেক দলের সাথে যায়। ওদের ইতিহাস আপনারা সবাই জানেন। তাদেরকে আপনার প্রতিহত করবেন।
চাঁদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অদূর ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন চাঁদপুরে যেই নমিনেশন পাবে আপনারা তারপক্ষে একতাবদ্ধ থাকবেন।
সোমবার বিকালে (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া। এছাড়া বক্তব্য রাখেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, রাশেদা বেগম হীরা, এলডিপি নেতা আবু তাহের, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, এম এ শুকুর পাটোয়ারী, দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, এডভোকেট জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, এডভোকেট মনিরা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসাইন প্রমুখ।
জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, শফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিন, মোতাহার হোসেন পাটোয়ারীসহ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
