২০২৫ সালের ১ম দিন আজ। ২০২৪ সাল বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল এক বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছরে দেশের রাজনৈতিক দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে এই বছরে।
২০২৪ সালে রাজনৈতিক ঘটনাবলিই বেশি। রাজনীতির বাইরে এ বছর দুর্ঘটনা ও অপরাধের বড় কয়েকটি ঘটনা ঘটেছে। বড় বন্যা হয়েছে। সারা দেশের ন্যায় চাঁদপুর ও ছিলো ঘটনা বহুল।
বছরের শেষ মাসে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, তাদের চোখে ২০২৪ সালের সেরা দেশ বাংলাদেশ।
২০২৪ সালে জেলার বড় ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকের সামনে তুলে ধরা হলো-
১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশার মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হয় ২০২৪ সালের ১ম দিন। ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়েই শুরু হয় চাঁদপুরে নতুন বছর।
৬ জানুয়ারি ২০২৪
চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থানরত আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হন। এছাড়া আহত হন বাসটির চালক নাছির উদ্দিন বিপ্লব।
৭ জানুয়ারি ২০২৪
চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাঁদপুরের ৫ টি আসনেই ভোটার শূণ্য ডামি নির্বাচনে আওয়ামী প্রার্থীরা জয়লাভ করে।
১১ জানুয়ারি ২০২৪
নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ডা. দীপু মনি। এর আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা যায়।
১৭ জানুয়ারি ২০২৪
ফরিদগঞ্জে এক নারীকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে টয়লেট থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারিতে এ ঘটনা ঘটে।নিহত ওই নারীর নাম মমতাজ বেগম রিক্তা । পরে জানা যায় তার ভাতিজার হাতেই খুণ হন রিক্তা।
২ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৫) মারা যান। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪
মতলব উত্তর উপজেলার গজরা বাজার কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়।
একই দিন মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে যায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মার্চ ২০২৪
চাঁদপুরে প্রেমিকের সঙ্গে নববধূ চলে যাওয়ার খবর শুনে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেন ইবাদ খান নামে এক যুবক। সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় নববধূর ভাড়া বাসার একটি কক্ষে বিষপানে আত্মহত্যা করেন তিনি।
১৩ এপ্রিল ২০২৪
শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েন ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।
১৬ এপ্রিল ২০২৪
পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অতিরিক্ত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যান।
২৭ এপ্রিল ২০২৪
ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় ছেলের হাতে রানু বেগম নামে এক মা খুন হন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যাওয়ার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
০৮ মে ২০২৪
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার ও মতলব উত্তর উপজেলায় বিজয়ী হন মোহাম্মদ মানিক।
২১ মে ২০২৪
একপাক্ষিক নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন। আর শাহরাস্তিতে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত মুকবুল হোসেন।
২৭ মে ২০২৪
প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে রাত থেকে চাঁদপুরে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও বৃষ্টি সোমবার (২৭ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় প্রায় সাড়ে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।
৩০ মে ২০২৪
সারাদেশে সাপ নিয়ে গুজব ও আতঙ্কের মাঝে মতলব উত্তর উপজেলার এখলাসপুরে দেখা মিলল বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটি ধরা হয়।
৫ জুন ২০২৪
কচুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন খাজে আহমেদ মজুমদার।
১২ জুন ২০২৪
চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আল আমিন খান (৩০) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন।
২৫ জুন ২০২৪
দেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. কাউছ মিয়া মারা যান। রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৬ জুলাই ২০২৪
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হলে উত্তাল হয়ে উঠে আন্দোলন।
২৬ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় চাঁদপুরের তিনটি থানায় বিশেষ ক্ষমতা, জনসাধারণকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে সাতটি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয় ৪৮ জন। সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।
৩১ জুলাই ২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরে তীব্র বৃষ্টি উপেক্ষা করে মাথায় লাল কাপড় বেঁধে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৩১ জুলাই) দুপুরে এ কর্মসূচি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে চাঁদপুর আদালতের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে তীব্র বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজেই শ্লোগানে শ্লোগানে কর্মসূচী চালিয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।
০১ আগস্ট ২০২৪
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সন্ত্রাস-সহিংসতার সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
০৪ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০জন আহত হয়।
০৫ আগস্ট ২০২৪
৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। আত্বগোপনে যান চাঁদপুরের সকল আ‘লীগের নেতাকর্মীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গনপিটুনিতে নিহত হন।
কচুয়ায় গণপিটুনিতে ডিবি মামুন মারা যায়।
২০ আগস্ট ২০২৪
রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষ।
০৬ সেপ্টেম্বর ২০২৪
চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২৪
হাজীগঞ্জ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার পর পৌর এলাকার টোরাগড় গ্রাম ও মকিমাবাদ সর্দার বাড়ির দুই গ্রুপের মাঝে এ সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় অর্ধশতাধিক এবং এক মাদ্রাসা ছাত্র নিহত হয়।
২২ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজি, দখলদারি, মিথ্যা মামলা, হুমকি, নানান অনিয়ম ও হয়রানিমুক্ত ‘নিরাপদ চাঁদপুর চাই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
৫ অক্টোবর ২০২৪
চাঁদপুর জেলায় ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
১৬ অক্টোবর ২০২৪
মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুস সোবহান প্রধান (৫৬) নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার লুধয়া আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ অক্টোবর ২০২৪
২০২৫-২৬ সেশনের জন্য চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
২৯ অক্টোবর ২০২৪
চাঁদপুর শহরে কিশোর গ্যাং অস্ত্র নিয়ে মহড়া দিয়ে হামলা চালায়। পৃথক ঘটনায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়।
৫ নভেম্বর ২০২৪
হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
৭ নভেম্বর ২০২৪
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করা হয়। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
৯ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরে ইব্রাহীম কাজী জুয়েলের বাসভবনে বিএনপির অন্যগ্রুপের সন্ত্রাসী হামলা, লুটপাট।
২৩ ডিসেম্বর ২০২৪
চাঁদপুরের মেঘনা নদীতে সারবোঝাই জাহাজে হামলায় ৭ জন মারা যায় । পরে জানা যায় তাদের আরেকজন ইরফান এ হত্যাকান্ড চালায়।
২৮ ডিসেম্বর ২০২৪
বাসস্ট্যান্ডে জামায়াতের ঐতিহাসিক সমাবশে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
