জামায়াতের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. এটিএম মাছুম্।

পিআর পদ্ধতির মাধ্যমে জামায়াত প্রাণবন্ত পার্লামেন্ট চায়: এটিএম মাছুম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতির মাধ্যমে জামায়াত বাংলাদেশে একটি প্রাণবন্ত পার্লামেন্ট গঠন করতে চায়।

তিনি বলেন, বিগত পনেরো বছর দেশে এক দলীয় স্বৈরাচারী পার্লামেন্ট প্রতিষ্ঠিত ছিল। যাতে সকল দলের উপস্থিতি ছিল না। তাই পার্লামেন্টে  সকল দলের উপস্থিতি নিশ্চিত করতে পি আর পদ্ধতি জরুরি। তিনি বলেন সকল দলের যোগ্য ও শিক্ষিত লোকদের সমন্বয়ে গঠিত এ  সংসদ গোটা দুনিয়ার উন্নত পার্লামেন্টের কাতারে চলে যাবে। আর সে জন্য বাংলাদেশে মেধাবীদের পার্লামেন্ট গঠন করতে হলে এ পদ্ধতির কোন বিকল্প নেই।

০৯ আগস্ট শনিবার জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর শহরের স্থানীয় অডিটরিয়ামে শিক্ষা শিবির উদ্ধোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।   জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর শাখার আমীর অধ্যাপক মো: আবদুল মতিন, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, কুমিল্লা জেলা দক্ষিণ এর সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মবিন।

শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম,  মোঃ হারুন আর রশিদ ওসমানী সহ উপজেলা ও পৌর শাখার আমীরবৃন্দ।

তিনি আরো বলেন, ঘোষণাপত্র সংশোধন সরকারের প্রতি আমাদের দাবি, এই দাবিতে প্রয়োজনে আমরা রাজপথে কর্মসূচি দিবো। তারপরো এই ঘোষণাপত্রকে সংশোধন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। আমরা যেখানেই যাব মানুষকে এটা বোঝাবো, মানুষকে এই দাবিতে ঐক্যবদ্ধ করব।

ঘোষণাপত্রকে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবী জানাচ্ছি আমরা, যদি এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এটার দুই পয়সার  দাম থাকবে না। সেই জন্য এটাকে ইতিহাসের অন্তর্ভুক্ত করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ এই সরকারকেই নিতে হবে।

জামায়াত নেতা বলেন, আমরা নির্বাচন চাই, নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। তবে নির্বাচনের আগে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে  সরকারের প্রতি এটা আমাদের দাবি।

আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু ২৪ এর মত কোন পাতানো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, যদি এটা হয় তাহলে আবারো জনগণ ৫ আগস্টের অভ্যুত্থানের মত রাজপথে নামবে। জনগণ পাতানো নির্বাচন এদেশে আর হতে দেবে না । নির্বাচন এর আগে নির্বাচন কমিশনেও প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জনগণকে আশ্বস্ত করতে হবে এবারের নির্বাচন হবে অবাধ অংশগ্রহণমূলক।

মাওলানা মাছুম বলেন, আমাদের দাবি হচ্ছে প্রবাসীদের ভোটার বানানো এবং তারা যাতে সহজেই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। আমরা আমাদের সমাবেশে যে সাত দফা  দাবি করেছিলাম সেগুলি আমরা এখনো  করে যাবো।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবারের নির্বাচন অত সহজ হবে না। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা নির্বাচন  করব পাশাপাশি রাজপথে সংগ্রাম চালিয়ে যাবো।

আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সমাজকে যেকোনো ধরণের অনিশ্চয়তা থেকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাহর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করার জন্য এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। আমরা ঐক্যবদ্ধ কাজ করলে আল্লাহ আমাদের জন্য বিজয়ের ফয়সালা করবেন।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।