চাঁদপুর শহরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
শহর প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী-জনতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুর শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ ও মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো গণতান্ত্রিক রাজনীতির জন্য ভয়াবহ হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশ শেষে মোঃ তাফিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।
এ সময় বক্তব্য রাখেন ২৪ সে জুলাই আন্দোলনের যোদ্ধা নিয়াজ মোর্শেদ, মোঃ জহিদ, হিসাম, সিয়াম, সাজ্জাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই এখন সময়ের দাবি।
বক্তারা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
