বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের প্রথমার্ধের ষান্মাসিক রিপোর্ট গ্রহণ প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামটি পরিচালনা করেন জেলা সভাপতি ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানটি আজ ১২ জুলাই ২০২৫, সকাল ৭ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াত ও মনোমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়। পরে একে একে জেলার বিভিন্ন থানার রিপোর্ট উপস্থাপন ও গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানাগুলোও তাদের গত ছয় মাসের দাওয়াতি, সাংগঠনিক, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট পেশ করে।
প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জনাব বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তার বক্তব্যে ছাত্রসমাজের মধ্যে নৈতিক ও চারিত্রিক গুণাবলী গড়ে তোলার গুরুত্ব, দাওয়াতি তৎপরতা বৃদ্ধি এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট শাহাজাহান খান। তিনি শিবিরের নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সাংগঠনিক অগ্রগতির জন্য করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বেলায়েত হোসাইন, আকরামুল ইসলাম, জাকারিয়া মহিউদ্দিন ও নাছির উদ্দীন হেলালী এবং চাঁদপুর শহর শাখার নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম। বক্তারা শিবিরের গৌরবময় ইতিহাস স্মরণ করে বর্তমান প্রজন্মের দায়িত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সমগ্র প্রোগ্রামটি ছিল প্রাণবন্ত, শৃঙ্খলাপূর্ণ এবং সাংগঠনিক উজ্জীবনী স্পৃহায় ভরপুর। উপস্থিত নেতৃবৃন্দ জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
