চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে নাছির উদ্দিনকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, নাছির উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান। ওই কর্মকর্তার ভাষ্য, গত বছর ঢাকার কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় কোনো মামলা আছে কি না, খোঁজখবর নেওয়া হচ্ছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা আছে জানতে পেরেছি।
“তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকার কদমতলী থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ৫৯১২/২৪।
