বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

চাঁদপুর আইনজীবী সমিতির ফরমস ও হিসাব খাত ডিজিটালাইজডে চুক্তি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফরমস বিক্রয় এবং হিসাব খাত ডিজিটালাইজড করার বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি কার্যক্রম সম্পাদন হয়।

সমিতির পক্ষে ডিজিটালাইজেশন উপ-কমিটির আহবায়ক ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান এবং চট্টগ্রামের ই-ভিশন সফটওয়্যার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী ও ডিজিটালাইজেশন উপ-কমিটির সদস্য সচিব অ্যাড. আবদুল কাদের খান এ সময় উপস্থিত ছিলেন।

আগামী জুন ও জুলাই মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সকল ফরম অন লাইনে বিক্রি হবে। সকল প্রকার ফরমে আইনজীবীদের ছবি এবং পরিচয়পত্র নম্বর সংযুক্ত থাকবে। যে কোন ফরম ক্রয়ের সাথে সাথে আইনজীবীর মোবাইলে এসএমএস পাঠিয়ে ক্রয়ের বিষয়টি জানিয়ে দেয়া হবে।

এছাড়াও সমিতির নিজস্ব একটি ওয়েবসাইট থাকবে। যেখানে সমিতির সকল সদস্যদের নাম, ঠিকানা ও ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। সমিতির বিগত দিনের তথ্য, ঐতিহ্য, কার্যকরী কমিটি, কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত ওয়েবসাইটে সংযুক্ত থাকবে।