চাঁদপুরে পাসপোর্ট তৈরি করতে এসে আটক দুই রোহিঙ্গা নারী

চাঁদপুরে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাঁদের বুধবার ভোরে পুলিশ পাহারায় ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই দুই নারী পাসপোর্ট তৈরির জন্য আসেন। পরে তাঁদের ভুয়া এনআইডির বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে তাঁরা জালিয়াতির কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানান, তাঁদের সৌদি আরবে নেবেন বলে এক লোক যোগাযোগ করেছিলেন। সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট তৈরির জন্য এসব কাগজপত্র জোগাড় করেন। তবে তাঁরা ওই লোককে চেনেন না বলে দাবি করেছেন।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি। তারপরেও আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ফাঁক-ফোকর দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে। আমরা আরও সতর্ক হওয়ার চেষ্টা করছি।’

চাঁদপুর মডেল থানার ওসি বলেন, যেহেতু আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন। এ কারণে তাঁদের থানার কর্মকর্তা ও ফোর্সসহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে।