চাঁদপুরের শীর্ষ নেতাদের কয়েকজন জামিনে বেরিয়ে পলাতক * কেউ কেউ পাড়ি জমিয়েছেন আমেরিকা অস্ট্রেলিয়া পর্তুগালসহ বিভিন্ন দেশে ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদপুরে সব আসনের এমপি, মন্ত্রী, সাবেক মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা, উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চাঁদপুর ছেড়ে পালিয়েছেন। এদের অধিকাংশ ঢাকা ও কেউ কেউ বিদেশে অবস্থান করছেন।
এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ। তিনি ৫ আগস্ট ও পরবর্তী প্রায় ছয় মাস চাঁদপুর শহরের পুরানবাজারের নিজ বাসায় অবস্থান করেছেন। প্রকাশ্যে চলাফেরা করেছেন। পরে অবশ্য ঢাকা চলে যান।
বর্তমানে এ দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এখন কোনো সারির নেতাকর্মীকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। চাঁদপুরের সব কয়টি আসনের বিভিন্ন পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি ও নিষিদ্ধ ঘোষিত জেলা, উপজেলা এমনকি অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও এখন প্রকাশ্যে দেখা মিলছে না।
চাঁদপুর সদর ও হাইমচর আসনের সাবেক সংসদ-সদস্য এবং ৩ বারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বেশ কিছুদিন তিনি সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। একপর্যায়ে তিনি গ্রেফতার হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তার বিরুদ্ধে ঢাকা এবং চাঁদপুর শহরে এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে। দীপু মনির আপন ভাই এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম টিপু ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি রাশিয়ায় শ্বশুরবাড়িতে আছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের আরও একজন সহ-সভাপতি ইউসুফ গাজী কয়েকদিন আগে একটি মামলায় আটক হয়েছিলেন। পরে তিনি জামিনে কারামুক্ত হন। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জুলাই বিপ্লবের সময়েই চাঁদপুর ছেড়ে বর্তমানে ঢাকাতেই রয়েছেন বলে জানা যায়। চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েলও ঢাকাতে আছেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম জামিনে কারাগার থেকে বের হয়ে চাঁদপুরেই আছেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী আটক হয়ে চাঁদপুরে জেলে আছেন। চাঁদপুর কারাগারে আছেন চাঁদপুর সদরের প্রায় পাঁচটি ইউপি চেয়ারম্যান।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ৫ আগস্টের পর থেকে ঢাকায় অবস্থান করছেন। চাঁদপুর জেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলী আরশাদ মিয়াজি কিছুদিন আগে আটক হয়ে জেলে ছিলেন। বর্তমানে তিনি জামিনে এসে পলাতক আছেন। সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান গা-ঢাকা দিয়ে আছেন। এ আসনের হাইমচর উপজেলাটি গত ১৫ বছর নিয়ন্ত্রণ করেছেন দুবারের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক। এক কথায় হাইমচর উপজেলাম একক নিয়ন্ত্রক ছিলেন তিনি। তিনি দীপু মনির অতি কাছের লোক হিসাবে পরিচিত। তিনি বর্তমানে ঢাকায় আছেন বলে জানা গেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সাবেক সংসদ-সদস্য সাংবাদিক শফিকুর রহমান দুবারের নির্বাচিত এমপি। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের এক সপ্তাহ আগে আমেরিকায় চলে গেছেন। উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ৫ আগস্টের পরে সৌদি আরবে ওমরাহ করে সেখান থেকে অস্ট্রেলিয়া চলে গেছেন। এ উপজেলার অন্য চেয়ারম্যান খাজে আহমেদ বর্তমানে ঢাকায় আছেন। ফরিদগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল খায়ের পাটওয়ারী ঢাকায় আছেন বলে জানা যায়।
চাঁদপুরের হাজীগঞ্জ এবং শাহরাস্তি আসনের ৪ বারের সংসদ-সদস্য ছিলেন মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম)। ৫ আগস্ট পর্যন্ত তিনি আমেরিকায় ছিলেন। ৬ আগস্ট তিনি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় আছেন। হাজীগঞ্জ উপজেলার চেয়ারম্যান হেলাল উদ্দিন কিছুদিন আগে পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেলে আছেন। হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম লিপন বর্তমানে ঢাকায় রয়েছেন। এ আসনের শাহরাস্তি উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন এলাকাতেই আছেন। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। তার আগের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু জুলাই আন্দোলনের পর থেকে গা-ঢাকা দিয়ে আছেন। শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর মেয়র হাজী আবদুল লতিফ ও জুলাই বিপ্লবের সময় থেকে পলাতক আছেন। সূত্রমতে তিনি ঢাকাতেই রয়েছেন।
চাঁদপুরের কচুয়া আসনে সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। কচুয়ার সাবেক আরও একজন এমপি ড. সেলিম মাহমুদ ৫ আগস্টের পরে ভারতে পাড়ি জমান। কচুয়া থেকে স্বতন্ত্র নির্বাচন করা গোলাম হোসেন বর্তমানে লন্ডনে আছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিশির ঢাকায় আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে কচুয়া পৌরসভার সাবেক মেয়র নাজমুল আলম ইতোমধ্যে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। দুই মতলবের সাবেক এমপি ও দুবারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ৫ আগস্টের পর থেকে ভারতে আছেন বলে জানা গেছে। এ এলাকার সাবেক মন্ত্রী শামসুল আলম মোহন, সাবেক এমপি নূরুল আমিন রুহুল বর্তমানে ঢাকাতে আছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান এম এ কুদ্দুস ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি পর্তুগালে তার ছেলের কাছে আছেন। মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কবির হোসেনও আত্মগোপনে রয়েছেন। একাধিক তথ্যসূত্র মতে বর্তমানে তিনি ঢাকাতেই আছেন। মতলব পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন লিটন কিছুদিন আগে ঢাকাতে আটক হয়ে কারাগারে আছেন।
