এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর এর উদ্যোগে জেলার আটটি উপজেলায় একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে চাঁদপুর জেলার ১৩ টি কেন্দ্রে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ২০১২ সাল থেকে এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় এবছরও বুধবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আল-আমিন একাডেমি চাঁদপুর , আদর্শ একাডেমী ফরিদগঞ্জ, আদর্শ স্কুল মতলব, শাহরাস্তি মডেল স্কুল,আল কাওসার স্কুল হাজিগঞ্জ, আল ফাতেহা মাদ্রাসা কচুয়া, কাচিয়ারা মাদ্রাসা মতলব সহ আটটি উপজেলার ১৩ টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় স্কুল পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে ৩৯৪, তৃতীয় শ্রেণীতে ৩৫৬, চতুর্থ শ্রেণীতে ৪৬৪, পঞ্চম শ্রেণীতে ৫৬৪ এবং মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে ২৪৬, তৃতীয় শ্রেণীতে ২৪৫, চতুর্থ শ্রেণীতে ৩৬৯ এবং পঞ্চম শ্রেণীতে ৪৫৯ জন সহ মোট ৩১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার্থীদের মধ্যে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
জানা যায়, এবছর ২য় থেকে ৫ম শ্রেণীর পড়ুয়ারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামী বছর থেকে ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষাপত্র মূল্যায়ন শেষে আগামি জানুয়ারী মাসের শেষের দিকে উর্ত্তীণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন,এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর এর সভাপতি, চাঁদপুর আল আমিন একাডেমি কলেজের অধ্যাপক শাহ আলম । স্বচ্ছতার ভিত্তিতে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর এর সভাপতি অধ্যাপক শাহ আলম এবং সেক্রেটারী আদর্শ একাডেমী ফরিদগঞ্জ এর অধ্যক্ষ হারুনুর রশীদ ওসমানির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর এর প্রধান উপদেষ্টা মাও. বিল্লাল হোসাইন মিয়াজী, বিশেষ উপদেষ্টা চাঁদপুর আল-আমিন কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, আল-আমিন কলেজের অধ্যাপক মোঃ রুহুল আমিন, অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহ আলম সহ অন্যান্য শিক্ষক প্রতিনিধি ও অতিথিরা।
আদনান মুরাদ
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
