মঙ্গলবার , মার্চ ২৪ ২০২৬

আজ ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী আদর্শে বলীয়ান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একদল তরুণ ছাত্রের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪৯ বছরের পথচলায় সংগঠনটি শিক্ষা, চরিত্রগঠন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর শহর শাখার উদ্যোগে আগামীকাল সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
এ উপলক্ষে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মেধা, সততা ও যোগ্যতার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, মেধা, সততা ও দেশপ্রেমে গড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির তার আদর্শিক সংগ্রাম অব্যাহত রাখবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে ছাত্রসমাজসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।