
হাইমচর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক ৩০ পিস ইয়াবা ২টি দেশীয় অস্র রামদাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারি আটক হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিজি (৩২)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৩০ পিছ ইয়াবা এবং ০২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

















