চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরে ভাসমান ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। একটি জাহাজে আধুনিক চিকিৎসা সম্বলিত সকল উপকরণ দিয়ে হাসপাতাল বানানো হয়েছে। এ হাসপাতানের নাম দেওয়া হয়েছে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতাল বাংলাদেশ-৫।
আজ ৯ এপ্রিল (বুধবার) হাইমচর উপজেলার নীলকমলে এই ভাসমান হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দুপুর সোয়া বারোটায় শুরু হওয়া এ অনুষ্ঠান বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পৌনে ৩ টায় সমাপ্ত হবে।
অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফের প্রেরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (কেএএইচএফ) এর সিইও সুলাইমান আব্দুল আজিজ আজাবিন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) বিশেষ ও ট্রাস্ট ফান্ড বিভাগের পরিচালক জনাব আদিল এম আল শরীফ।
জানা যায় , চরাঞ্চলের মানুষদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে ফ্রেন্ডশিপ নামে সংস্থার মাধ্যমে ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম চলছে। এ কার্যক্রম পাঁচ বছর পর স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চলে যাবে। গত জানুয়ারি মাস থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।
স্থানীয়রা জানান, এই এলাকার বেশিরভাগ রোগী টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না। এখন শহরে না গিয়ে চিকিৎসকসেবা নিতে পারছেন। দুর্গম চরে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন চিকিৎসাসেবা পেয়ে তারা খুশি।
